August 15, 2025 at 6:17 AM
ভূতনি থানার বিস্তীর্ণ অঞ্চলে বাঁধ ভেঙে যাওয়ার ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতি, মানুষের চরম দুর্দশা এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণের জোরালো আবেদন
মালদা জেলার ভুতনি থানার দক্ষিণ চন্ডিপুরে মাত্র চার মাস আগে কোটি কোটি টাকা খরচ করে নির্মিত বাঁধ তীব্র জলের তোড়ে ভেঙে যাওয়ায় ভুতনির বিভিন্ন অঞ্চলে হু হু করে জল ঢুকতে শুরু করেছে। এর ফলে ভুতনির তিনটি অঞ্চলের হাজার হাজার মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে এবং বহু ঘরবাড়ি ও আবাদী জমি প্লাবিত হয়েছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন দীপক চট্টোপাধ্যায়। এই অঞ্চলের মানুষ আজ ভীষণভাবে সহায়সম্বলহীন হয়ে পড়েছেন উল্লেখ করে তিনি জানান যে এমন হওয়ার কথা নয়। মাত্র চার মাস আগে নির্মিত বাঁধের এই করুণ দশা প্রশাসন এবং বিশেষ করে সেচ দপ্তরের চরম ব্যর্থতা ও গাফিলতিকেই প্রমাণ করে এবং এর সম্পূর্ণ দায়ভার সেচ দপ্তরের ওপর বর্তায়। শিক্ষা ও স্বাস্থ্যসহ সবক্ষেত্রেই এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত বলে অভিযোগ করে তিনি বলেন যে রাজনৈতিক নেতাদের মিথ্যা প্রতিশ্রুতির পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের উদাসীনতাও এর জন্য সমানভাবে দায়ী। নবনির্মিত এই বাঁধ কী করে ভাঙল তার যথাযথ তদন্ত এবং নির্মাণকাজে কোনো ত্রুটি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন যে ভুতনি এলাকার মানুষদের নিয়ে আর কত ছেলেখেলা চলবে?